দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচিতে কর্মচারীদের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, আগামী ডিসেম্বরকে ঘিরে পতিত স্বৈরাচারের প্রধানের দেশে ফেরার প্রসঙ্গ সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
ডেপুটি রেজিস্ট্রার মোশারফ হোসাইন বলেন, দেশ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা জরুরি। গার্মেন্টস কারখানা, বাস কিংবা চলন্ত ট্রাকে অগ্নিসংযোগের মতো ঘটনা আর দেখতে চান না তারা। ভবিষ্যতে কেউ সন্ত্রাস বা নাশকতার চেষ্টা করলে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দেশবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দীন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে পতিত স্বৈরাচারী গোষ্ঠীর নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, বাসে অগ্নিসংযোগ, মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে।
শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, সবাই একটি সচেতন নাগরিকসমাজের সম্মিলিত প্রচেষ্টায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চান। এ লক্ষ্য অর্জনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখার পাশাপাশি কথা বলার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহদাৎ হোসাইন বলেন, ১৭ বছরের শাসনামলে অপশাসন, অর্থ পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ রক্ষা পেয়েছে। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও পরাজিত একটি গোষ্ঠী তা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন। সব ধরনের অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কুবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আগেও সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।
এফ/ডি