[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় মোবারকের দুইবার মৃত্যুদণ্ড

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৮:০৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) এবং তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে পৃথক দুই ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।

 

আদালতের রায়ে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ৯(২) ধারায় সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় তাহমিনা বেগমকে হত্যার অপরাধে তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসেন, নিহতদের পরিবারের সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্র জানায়, এ মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। প্রায় আড়াই মাসের বিচারিক কার্যক্রম শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক শেষ হয়। পরে ৫ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও সেদিন রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ হিসেবে ১১ নভেম্বর ঠিক করা হয়।

 

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

 

ঘটনার পর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ সেপ্টেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের মাধ্যমে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তাঁর মাকে হত্যার কথা জানান তিনি।

 

দুই হত্যাকাণ্ডের পর থেকেই আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ এবং মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।

 

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন সুমাইয়ার সহপাঠীরা। সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, মৃত্যুদণ্ডের রায়ে তাঁরা সন্তুষ্ট। দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানান তিনি।

 

সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, মোবারকের কর্মকাণ্ডে তিনি তাঁর মা ও একমাত্র বোনকে হারিয়েছেন। তদন্তে কিছুটা সময় লাগলেও আদালত দ্রুত রায় দিয়েছেন। এখন তাঁর প্রত্যাশা, রায়টি দ্রুত কার্যকর হবে।

 

আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আয়েশা বলেন, মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না। ভিডিও ফুটেজ নিয়েও কিছু প্রশ্ন ছিল। তবে ডিএনএ পরীক্ষায় পাওয়া আলামতের কারণে আইনি অবস্থান থেকে তাঁরা সেসব বিষয়ে এগোতে পারেননি।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেছেন। সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে এবং তাঁর মাকে হত্যার দায়ে আসামিকে পৃথকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, দ্রুত এ রায় কার্যকর হবে।

এফ/ডি

সম্পর্কিত খবর