[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিনির্ভর ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ গড়ার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১:২৯ পিএম

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষাব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করছে।

এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, দেশ-বিদেশের অভিজ্ঞ শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নতুন ধারণা ও দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আ ন ম এহছানুল হক মিলন জানান, চলতি বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

 

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তি খাতে বাংলাদেশ বড় বিনিয়োগের সম্ভাবনার অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তরুণ জনগোষ্ঠীকে দেশের অন্যতম বড় শক্তি হিসেবে অভিহিত করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল মানবসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে তুলতে হবে। এ সম্ভাবনাকে বাস্তব সম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

 

উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করতে তরুণদের উপযুক্ত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমন শিক্ষার্থী গড়ে তুলতে হবে, যারা ভবিষ্যতে বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষা খাতের প্রতি আরও গুরুত্ব দেওয়া এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এফ/ডি

সম্পর্কিত খবর