রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) খেলার মাঠে আয়োজিত বাণিজ্য মেলার অস্থায়ী স্থাপনা উচ্ছেদে ফের অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে প্রধান ফটক ভাঙার কাজ শেষ হয়। এর আগে বেলা ১২টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে প্রবেশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের দুটি ট্র্যাক্টর ব্যবহার করে মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙতে শুরু করেন তারা। একপর্যায়ে মেলার মূল প্রবেশপথটিও ভেঙে ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাঠের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ কোনো বাণিজ্যিক আয়োজনের জন্য ব্যবহার করা উচিত নয়। এটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দিতে হবে।
এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল, কৃষি গবেষণার পরিবেশ নিশ্চিত এবং সেখানে স্থায়ী কিংবা অস্থায়ী কোনো স্থাপনা নির্মাণ না করার দাবিও জানিয়েছেন তারা।
এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কার্যক্রম শুরু হলে তাতে বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরদিন ২৮ অক্টোবর মেলার প্রধান প্রবেশপথসহ বেশ কিছু অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন তারা।
মাঠ উদ্ধারের দাবিতে এর আগে কয়েক দফায় সড়কেও অবস্থান নেন শিক্ষার্থীরা। সর্বশেষ ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই এলাকার যান চলাচলে বিঘ্ন ঘটে।
এফ/ডি