[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

২০২৬ সালের মধ্যেই পাঠ্যবই বিতরণ সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ২:৪৯ এএম

সংগৃহীত ছবি

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, ২০২৭ সাল পর্যন্ত বই বিতরণের কার্যক্রম টেনে নেওয়া হবে না; বরং ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পাঠ্যবইয়ের মান বজায় রাখার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বইয়ের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের হাতে মানসম্মত ও সুন্দর পাঠ্যবই পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

নতুন শিক্ষাক্রমে কয়েকটি বিষয় যুক্ত করার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারটি নতুন বই প্রস্তুত করা হয়েছে।

এর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘সংস্কৃতি ও খেলাধুলা’, ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা এবং ‘আমার কারিগরি শিক্ষা’ রয়েছে।

পাশাপাশি জেলা শহরের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির জন্য একটি ঐচ্ছিক বই অন্তর্ভুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন ও আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তাঁর জীবন থেকে শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও তাঁর আদর্শ অনুসরণ করে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

এসআর

সম্পর্কিত খবর