[email protected] শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

এসএসসি ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগসহ পাঁচ দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু এবং একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তাঁদের দাবি, চলতি বছরই বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে দ্রুত ফল প্রকাশ করতে হবে, যাতে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে উত্তীর্ণ হওয়ার সুযোগ পান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তাঁরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। একই সঙ্গে তাঁদের অভিভাবকেরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

তাঁদের ভাষ্য, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনার সমাপ্তি নয়। বরং দুর্বলতা কাটিয়ে ওঠা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য তাঁদের আরেকটি সুযোগ দেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের মতে, এ ধরনের উদ্যোগ তাঁদের শিক্ষাজীবনে বিরতি কমানোর পাশাপাশি নতুন করে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে।

শিক্ষার্থীরা আরও বলেন, তাঁরা প্রচলিত নিয়মের বাইরে কোনো বিশেষ সুবিধা চাইছেন না।

বরং অকৃতকার্য শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি মানবিক ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন, পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ, দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ, একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাঁদের দাবিগুলো বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এতে অকৃতকার্য শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।

এসআর

সম্পর্কিত খবর