২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ নামে দুটি নতুন পাঠ্যবই অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যও সভায় অংশ নেন।
অন্যদিকে, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক এক সভায় মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আরও দুটি নতুন পাঠ্যবই অনুমোদন করা হয়েছে। বই দুটি হলো ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’।
এই বই দুটিও প্রয়োজনীয় পরিমার্জনের শর্তে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন পাঠ্যপুস্তকগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে দেশের সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং কারিগরি শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআর