[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

তিন বছর ভর্তি বন্ধ, ১১২ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন ও ভর্তি কার্যক্রম বাতিলের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

 

বোর্ডের ১৯ অক্টোবর প্রকাশিত পৃথক দুটি তাগিদপত্রে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

 

বোর্ডের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৬টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমের আওতাভুক্ত। বাকি ২৬টি প্রতিষ্ঠান পরিচালনা করে এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম।

 

বোর্ডের নোটিশে বলা হয়েছে, টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করার কারণে এসব প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। প্রচলিত শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি করতে ব্যর্থ হলে তার পাঠদানের অনুমোদন বাতিলের সুযোগ রয়েছে।

 

এ ছাড়া ২০২০ সালের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতিসংক্রান্ত নীতিমালার ৫.৪ বিধিতে নির্ধারিত শর্ত পূরণ না করলে সরকারের অনুমোদন সাপেক্ষে পাঠদানের অনুমতি বাতিলের বিধান রয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গ্রন্থাগার-সংক্রান্ত বিষয়।

 

নোটিশে আরও জানানো হয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত করার পাশাপাশি পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে হবে।

 

এর আগে একই বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে দুই দফায় ব্যাখ্যা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কারিগরি শিক্ষা বোর্ড।

 

প্রতিষ্ঠানের তালিকা: ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি প্রতিষ্ঠানের তালিকা এবং এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের ২৬টি প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এসআর

সম্পর্কিত খবর