[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

ইবি পঞ্চম সমাবর্তন: ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ উপাচার্যের

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটিগুলোকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সমাবর্তনকে সামনে রেখে আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে কমিটিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপাচার্যের সম্মেলনকক্ষে সমাবর্তন উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের সঙ্গে এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, বাজেট, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা, আবাসন, পরিবহন ও অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সভায় উপাচার্য বলেন, শীতকালীন ছুটির বিষয়টি বিবেচনায় রেখে এখন থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করতে হবে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে সমাবর্তন আয়োজনের উপযোগী পরিবেশ নিশ্চিত করাই সংশ্লিষ্ট সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ জন্য প্রত্যেক কমিটিকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, সমাবর্তন কেবল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষ্ঠান নয়; রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পৃক্ততার কারণে এর গুরুত্ব অনেক বেশি। তাই আয়োজনের কোনো পর্যায়ে বিশৃঙ্খলা কিংবা সমন্বয়ের ঘাটতি থাকা চলবে না।

 

কমিটির কোনো সদস্য নির্ধারিত সময় দিতে অপারগ হলে আগেভাগেই সংশ্লিষ্ট আহ্বায়ককে বিষয়টি জানাতে হবে বলে নির্দেশনা দেন উপাচার্য। প্রয়োজনে ওই সদস্যের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। তাঁর মতে, নির্ধারিত সময়ে প্রস্তুতি শেষ করতে সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা জরুরি।

 

সভায় বিভিন্ন উপকমিটির পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে আবাসন ব্যবস্থাপনার সঙ্গে নিরাপত্তা বিভাগ, প্রকৌশল অফিস, পরিবহন ও স্টেট শাখার সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন উপাচার্য। পাশাপাশি উপহার ব্যবস্থাপনাসহ অন্যান্য কার্যক্রমও পরিকল্পিতভাবে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়।

 

অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অভ্যর্থনা, আসনবিন্যাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগাম পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়। অনুষ্ঠানের দিন প্রবেশ নিয়ন্ত্রণের জন্য পাস ও প্রয়োজনীয় অনুমোদন যথাসময়ে প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা হয়।

 

সমাবর্তনে অংশগ্রহণকারীর সম্ভাব্য সংখ্যা নিয়ে প্রাথমিক আলোচনায় তা ১০ হাজারের মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়। তবে নিবন্ধন ও অভ্যর্থনা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রকৃত সংখ্যা জানা যাবে।

 

এ ছাড়া প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি, দায়িত্ব পুনর্বণ্টন এবং সমাবর্তনের বাজেট পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা হয়। কোনো কমিটিতে অতিরিক্ত জনবল দরকার হলে সংশ্লিষ্ট আহ্বায়কদের লিখিত সুপারিশ দিতে বলা হয়েছে। আগের সমাবর্তনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সনদের নকশা ও কাঠামো চূড়ান্ত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ আট বছর পর এ আয়োজনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসআর

সম্পর্কিত খবর