উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ অর্জনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসির অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে কুবির পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জন শিক্ষার্থী এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে তিন বছরে বিশ্ববিদ্যালয়টির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তবে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরের তালিকা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
২০১৯ সালের জন্য মনোনীতরা হলেন—পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, আইসিটি বিভাগের তাসপিয়া সালাম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।
২০২০ সালের মনোনীতদের মধ্যে রয়েছেন—রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, বাংলা বিভাগের তৈয়বুন নাহার, অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।
এ ছাড়া ২০২১ সালের জন্য নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, বাংলা বিভাগের নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, আইসিটি বিভাগের নাহিদা আক্তার, একাউন্টিং বিভাগের আমেনা আক্তার এবং আইন বিভাগের নিশি আক্তার।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসাইন জানান, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা ইউজিসি অনুমোদন ও প্রকাশ করেছে। ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের চূড়ান্ত তালিকাও শিগগির প্রকাশ করা হবে।
এসআর