[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

বিদেশ থেকে না ফেরায় কুবির ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশ থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয় শিক্ষকের পদ অবমুক্ত বা শূন্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, পদ শূন্য হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন—পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দীপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী।

 

তথ্য অনুযায়ী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দীপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে পাওনা ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা। অন্য চার শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনার পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, শিক্ষা ছুটির সময়সীমা শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট শিক্ষকেরা কর্মস্থলে ফিরে না আসায় তাদের মূল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ পরিশোধসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের আবারও চিঠি দেওয়া হচ্ছে। এসব প্রক্রিয়া শেষ হলে তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর