[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণে কাটল জটিলতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

নতুন পে-স্কেল চালুর সময়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এলো গুরুত্বপূর্ণ সুখবর।

১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের ব্যবস্থা এখন ইনটিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++)-এ যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ১০ম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

 

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে সংযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারির আগের সময়ের কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রধান শিক্ষকেরা পাবেন না।

 

গত বছরের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। আদালতের রায়ের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন নতুন গ্রেডে বেতন নির্ধারণের কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি।

 

অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশনার ফলে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া আইবাস++-এর মাধ্যমে সম্পন্ন করা যাবে। তবে জিও জারির আগের সময়ের বকেয়া বেতন-ভাতা পাওয়ার সুযোগ থাকছে না।

 

নতুন পে-স্কেলে ১০ম গ্রেডের মূল বেতন ৩২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা। ফলে এই গ্রেডে বেতন নির্ধারণ হলে প্রধান শিক্ষকদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

 

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম ও ১২তম গ্রেডে বেতন দেওয়া হতো। পুরোনো বেতন কাঠামোয় ১১তম গ্রেডের মূল বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডের শুরু ছিল ১১ হাজার ৩০০ টাকা থেকে।

 

নবম জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী ১১তম গ্রেডে মূল বেতন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে সর্বোচ্চ ৫৮ হাজার ৭০০ টাকা নির্ধারিত হয়েছে।

 

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর ১৯ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হয়।

এসআর

সম্পর্কিত খবর