২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। পাসের হারে ছাত্রীদের অবস্থান ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ এ ক্ষেত্রে মেয়েরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, এবারের পরীক্ষায় মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৩ এবং ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৭২১।
গত বছরের তুলনায় এবার সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছিলেন। সে হিসাবে এবার কমেছে ২৯ হাজার ১৩ জন, যা প্রায় ৪২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করেছেন ৩ হাজার ২৫০ জন। এদের মধ্যে ২ হাজার ২৮ জন ছাত্র এবং ১ হাজার ২২২ জন ছাত্রী।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন। এ বিভাগে ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭০৬ জন ছাত্রী এবং ১৮০ জন ছাত্র।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার সূচি থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে এসব স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তবে তাদের সবাই পরীক্ষায় অংশ নেননি।
শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ জন্য নিচের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে হবে—
ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করে ফলাফল সংগ্রহ করা যাবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফল জানা যাবে।
এফ/ডি