চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। গত ২ জুলাই একযোগে পরীক্ষা শুরু হয়। প্রাথমিক সূচি অনুযায়ী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও একসঙ্গে তাদের সব শিক্ষার্থীর ফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার ধরন, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফল দেখা যাবে। ওয়েবসাইটে ফলের বিস্তারিত বিবরণ বা মার্কশিটও পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফল একসঙ্গে সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এখানে DHA-এর পরিবর্তে নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার্থীর নিজস্ব রোল নম্বর বসাতে হবে।
ফল প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা সহজেই নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন।
এসআর