চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক কিংবা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ বিষয়ে তথ্য জানান।
সংশ্লিষ্টরা জানান, প্রচলিত নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পাস করতে না পারলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। তখন চাইলে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
তবে নতুন উদ্যোগের ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। এতে তাদের শিক্ষাজীবনের সময় নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং দীর্ঘ অপেক্ষাজনিত চাপও হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। ফলাফলে সামগ্রিক পাসের হার কমলেও অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এফ/ডি