[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় পাস ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১১:৪০ এএম

সংগৃহীত ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার

 ৫২.১২ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।

​শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

​এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন, যদিও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

​বোর্ডভিত্তিক ফলাফলের পরিসংখ্যান:

​৯টি সাধারণ শিক্ষা বোর্ড: পাসের হার ৫১.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৫,৯৪৮ জন।

​মাদরাসা শিক্ষা বোর্ড: পাসের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩,২৫০ জন।

​উল্লেখ্য, গত ২ জুলাই এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয় এবং পরবর্তীতে তা সম্পন্ন করা হয়।

​উত্তরপত্র পুনর্নিরীক্ষণ:

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

​যেভাবে ফলাফল জানা যাবে:

​অনলাইন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd বা https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। এছাড়া কমন ওয়েবসাইট ও বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকেও শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

​মোবাইল এসএমএস: যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

​ফরম্যাট: HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর> লিখে পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য HSC Dha 123456 2026)

এইচ/এম

সম্পর্কিত খবর