[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

২০২৬ সালের শেষেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ১২:২৫ পিএম

সংগৃহীত ছবি

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ ২০২৬ সালের মধ্যেই শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পাশাপাশি পাঠ্যবইয়ের মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী জানান, পাঠ্যবইয়ের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না। শিক্ষার্থীরা যেন উন্নত মানের ও আকর্ষণীয় বই পায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

 

নতুন শিক্ষাক্রমে অতিরিক্ত বিষয় সংযোজনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চারটি নতুন বই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নতুন বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংস্কৃতি ও খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা এবং ‘আমার কারিগরি শিক্ষা’।

 

এ ছাড়া শহরের সড়ক ও যানবাহন চলাচলব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার জন্য পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ঐচ্ছিক বিষয় হিসেবে একটি বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবনদর্শন ও আদর্শের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তাঁর জীবন থেকে শিক্ষার্থীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাঁর আদর্শ থেকে অনুপ্রেরণা নিতে পারেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

এসআর

সম্পর্কিত খবর