ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও নয় কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তার বদলির বিষয়টি জানানো হয়।
বদলির তালিকায় রয়েছেন এনসিটিবির সহযোগী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞা। তাঁকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পাঠানো হয়েছে। সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-গণিত) মোহাম্মদ হুমায়ন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সহযোগী অধ্যাপক ও গবেষণা কর্মকর্তা (প্রাণিবিদ্যা) মো. মনির হোসেন মজুমদার এবং সহযোগী অধ্যাপক (ইংরেজি) ও বিশেষজ্ঞ আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে বদলি করা হয়েছে। সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং সহকারী অধ্যাপক এসএম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব থেকে অবমুক্ত না হলে ওই তারিখ থেকেই তাঁদের অবমুক্ত বলে গণ্য করা হবে।
এর আগে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক দেখা দেয়। সমালোচনার পর বই থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করা হয়।
ওই কর্মকর্তার বদলির পরদিন আরও নয়জনকে অন্য প্রতিষ্ঠানে পাঠানোর আদেশ এল। তবে নতুন করে বদলি হওয়া কর্মকর্তাদের সঙ্গে পাঠ্যবইয়ের দাঁড়িপাল্লা বিতর্কের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে কিছু বলা হয়নি।
এসআর