[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা: দ্রুত বিচারের দাবিতে কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন।

এ সময় অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণে বায়োলজিক্যাল পরীক্ষা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপ্রতিম হত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

 

মানববন্ধনে শিক্ষার্থী নাজমুল হোসেন হৃদয় বলেন, অপ্রতিম হত্যার এক মাস পার হলেও বিচার সম্পন্ন না হওয়া দুঃখজনক। অভিযুক্তদের বায়োলজিক্যাল পরীক্ষার মাধ্যমে সঠিক বয়স নির্ধারণ করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

 

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি বলেন, অপরাধের পর অভিযুক্তের বয়সকে কেন্দ্র করে যেন ন্যায়বিচার বাধাগ্রস্ত না হয়। তিনি অপ্রতিম হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

অধ্যাপক ড. কামরুন নাহার শীলা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমকে নিয়ে বিদ্রূপ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এমনকি তাঁর মায়ের নামেও ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, অপ্রতিমের বাবা ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতে আইনি পদক্ষেপ নিচ্ছেন। অভিযুক্তদের বয়স নির্ধারণে বায়োলজিক্যাল পরীক্ষা সম্পন্ন করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, দেশে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপ্রতিম হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

 

উল্লেখ্য, অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। গত ১৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয় সে। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর