[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

কুবির বিজয়-২৪ হলে হল প্রশাসনের মতবিনিময়: শিক্ষার্থীদের ১১ দফা দাবি

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৫৫ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, খাবারের

 মানোন্নয়ন, নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা সমাধানে হল প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আবাসন ও প্রশাসনিক সংকট দূর করতে আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১টি নির্দিষ্ট দাবি উপস্থাপন করা হয়।

​সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় হলের টিভি রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন আবাসিক শিক্ষক মো. গোলাম মাহমুদ পাভেল। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​শিক্ষার্থীদের তোলা দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—আবাসন সংকট দূর করা, ডাইনিংয়ের খাবারের মান বজায় রাখা, ওয়াশরুমে পর্যাপ্ত লাইট ও পানির ট্যাপ স্থাপন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ডেপুটি রেজিস্ট্রারের দপ্তর সময়সূচি নির্ধারণ, ওয়াশিং মেশিন বসানো, চিকিৎসাসেবা ও নিরাপত্তা জোরদার, খেলার সুযোগ বৃদ্ধি, নিরবচ্ছিন্ন ইন্টারনেট, বিদ্যুৎ সমস্যার সমাধান এবং মাদক প্রতিরোধ। শিক্ষার্থীরা জানান, বর্তমানে এক কক্ষে ১০-১২ জনকে অবস্থান করতে হওয়ায় পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

​সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মো. জনি আলম শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে প্রশাসনের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অন্যদিকে সভাপতির বক্তব্যে প্রাধ্যক্ষ ড. মো. মহিউদ্দিন জানান, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সপ্তাহে ২-৩ দিন কাজ করা হবে এবং পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে। একই সাথে তিনি আলোকসজ্জা, খাবার ও ইন্টারনেটের মান বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া বহিরাগতদের প্রবেশ রোধে কড়াকড়ি আরোপের কথা জানিয়ে যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের সরাসরি হল প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর