চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল
আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। বোর্ডের তরফ থেকে এই সময়ের মধ্যে যেকোনো একদিন ফলাফল প্রকাশের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।
সোমবার বিকেলে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাদের সম্মতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার লক্ষ্য থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা পেছাতে হয়। পরবর্তীতে সেই স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা সমাপ্ত হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সারা দেশে সর্বমোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী ছিল। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানা যাবে।
এসআর