[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

ভিকারুননিসা নূনে গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ১:৩২ এএম

সংগৃহীত ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত গভর্নিং বডির নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রাজধানীর ১ নম্বর বেইলি রোডে প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাসের ১ নম্বর গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আসন্ন গভর্নিং বডি নির্বাচনের সংরক্ষিত অভিভাবক প্রার্থী ও সমাজসেবিকা মিসেস হাসনাতুল হোসনা।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ, স্কুল শাখার প্রার্থী ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, প্রার্থী মাহবুবুর আলম সোহাগসহ অন্যরা।

বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা এবং নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হবে।

কোনো ধরনের ষড়যন্ত্র বা অজুহাতে যেন নির্বাচন প্রক্রিয়া মাঝপথে বন্ধ না হয়, সে বিষয়েও তারা সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় বক্তারা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, গভর্নিং বডির জবাবদিহিতা প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি বন্ধ, প্রতিষ্ঠানটি সরকারি করার উদ্যোগ এবং একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিও জানান।

মানববন্ধনে বক্তারা দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু করে অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর