[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

চুয়েটে অচলাবস্থার মাঝেই তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ১১:১২ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান তীব্র অচলাবস্থার মধ্যেই

 প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভেঙে চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম কার্যালয়ে প্রবেশ করেছেন।

​সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে তিনি প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে ভেতরে ঢোকেন।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্যের ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। সে লক্ষ্যে ১০ অক্টোবর বিকেলে তার ঢাকায় যাওয়ার তথ্য জানানো হয় এবং তার অনুপস্থিতিতে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পূর্বনির্ধারিত এই সফরসূচির মাঝেই হঠাৎ সকালে তিনি ক্যাম্পাসে হাজির হন। এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে ভবনে প্রবেশ করেন এবং পরবর্তীতে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

​উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

​এই নিয়োগের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। পাশাপাশি সাবেক উপাচার্যকে স্বপদে বহালের দাবিতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাযক্রমে স্থবিরতা বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর