[email protected] সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি শোভাযাত্রা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার গুরুত্ব তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যাপ’ (Care Awareness Program by Care)। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’।

 

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা স্তন ক্যান্সারের আগাম শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগটি সম্পর্কে সচেতনতা তৈরির বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এ জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিং সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে রোগটি নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা, লজ্জা ও সংকোচ দূর করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ এবং এ রোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা

রাখতে পারে।

তিনি আরও বলেন, সচেতনতামূলক কার্যক্রম শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাঁর মতে, নারীশিক্ষার পাশাপাশি নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর