মোটরসাইকেল চলাচলকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুটি হলের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত চারজন হলেন—সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, একই হলের সদস্য সাইফ আলী শিথিল, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও আরবি বিভাগের শিক্ষার্থী রমজান আলী এবং মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ সৌরভ। সংঘর্ষের একপর্যায়ে রমজান আলী অচেতন হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় সোমবার (৫ অক্টোবর) বিকেলে। ওইদিন উপাচার্য চত্বরের জেব্রা ক্রসিংয়ের কাছে সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেকের সঙ্গে মাহফুজ সৌরভের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় বলে অভিযোগ রয়েছে।
তারেকের ভাষ্য, ওষুধ কিনে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সৌরভের মোটরসাইকেল তার শরীরের খুব কাছ দিয়ে যায়। এতে আপত্তি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।
পরদিন মঙ্গলবার তারেক ও তার কয়েকজন বন্ধু সৌরভের কাছে আগের ঘটনার বিষয়ে জানতে গেলে তিনি মোটরসাইকেলটি ফেলে চলে যান বলে দাবি সূর্যসেন হলের কয়েকজন শিক্ষার্থীর। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানিয়েছিলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনা যাচাই করা হচ্ছে।
মোটরসাইকেল ফেরত দেওয়া এবং আগের বিরোধ মেটাতে বুধবার রাতে দুই পক্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে আলোচনায় বসেন। সেখানে উভয় হলের নেতাকর্মীদের পাশাপাশি শাহরিয়ার লিওনসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ারের অভিযোগ, আলোচনার একপর্যায়ে জহুরুল হক হলের কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার লিওন। তার বক্তব্য, আগের ঘটনার জেরে তারেক ও তার কয়েকজন সহযোগী সৌরভকে মারধর করতে গেলে তিনি পরিস্থিতি শান্ত করতে মীমাংসার উদ্যোগ নেন। সৌরভ আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পরই সূর্যসেন হলের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মাহফুজ সৌরভ অভিযোগ করেন, তার মোটরসাইকেল আটকে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। তবে সোমবারের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়নি। তবে সংঘর্ষের ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
তিনি বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এসআর