রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে ওঠা এমপিও-সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্তে আগামীকাল বুধবার প্রতিষ্ঠানটিতে যাবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের দুই কর্মকর্তা।
সম্প্রতি মাউশির ঢাকা অঞ্চলের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে তদন্তের সময়সূচি জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ৯টায় কার্যালয় থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে রওনা হবেন তদন্তকারী কর্মকর্তারা। সকাল ১০টায় বেইলি রোডের প্রতিষ্ঠানটিতে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করবেন তারা।
একই দিনে খিলগাঁওয়ের আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে তথ্য গোপন করে এমপিওভুক্ত হওয়ার অভিযোগও তদন্ত করবেন ওই দুই কর্মকর্তা।
অভিযুক্তরা হলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাসিমা ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক রেহানা আক্তার।
তদন্তের সময়সূচি অনুযায়ী, দুপুর ২টায় আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়ে সেখানে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
বিকেল সাড়ে ৪টায় তদন্ত শেষে কর্মকর্তারা কার্যালয়ের উদ্দেশে রওনা দেবেন এবং সন্ধ্যা ৬টার মধ্যে অফিসে পৌঁছানোর কথা রয়েছে।
এসআর