সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সরকারি কলেজ ও মাদরাসাগুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এসব কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে বদলি ও পদায়নকে ঘিরে অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, একটি চক্র বদলি-পদায়নের সুযোগ নিয়ে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।
এ বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও অভিযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন রয়েছে।
এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় বদলি ও পদায়ন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের কার্যক্রম পরিচালিত হবে না।
এসআর