[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

রাবিসহ বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন

ববি প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৫:৪৫ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান।

 

মানববন্ধনে ববিসাস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। তিনি এসব হামলার তীব্র নিন্দা জানান।

 

তিনি বলেন, বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে। প্রশাসনের প্রতি দ্রুত জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আরও গুরুতর কোনো ঘটনা ঘটলে এর দায় প্রশাসন এড়াতে পারবে না।

 

একই সঙ্গে তিনি সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানান। সাংবাদিকদের ওপর হামলার পুনরাবৃত্তি হলে সারাদেশের সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন তিনি।

 

ববিসাসের সহসভাপতি মেহরাব হোসেন বলেন, গত ১৭ বছরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় ক্যাম্পাস সাংবাদিকরা সহযোগিতা করেছেন। তাই সাংবাদিকদের সঙ্গে সংঘাতে না গিয়ে ছাত্রসংগঠনগুলোর সংযত থাকা উচিত।

 

তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

এসআর

সম্পর্কিত খবর