[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

মিড-ডে মিলে শিক্ষার্থীদের ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ১০:১১ পিএম

সংগৃহীত ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপনভিত্তিক ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার।

এ পরিকল্পনায় প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের কুপন দেওয়ার প্রস্তাব রয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

মন্ত্রী জানান, কুপনের মাধ্যমে শিক্ষার্থীরা স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খাবার নিতে পারবে। এ ব্যবস্থায় স্থানীয় উদ্যোক্তাদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে সক্ষম স্থানীয় ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে নিজের পছন্দের খাবার না পেলে সেখান থেকে খাবার কেনার প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে।

 

তবে কুপন ব্যবস্থা চালুর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের পরিকল্পনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা ও পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

 

অনুষ্ঠানে নতুন পাঠ্যবইয়ের মান নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য, শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া বইয়ের মান নিশ্চিত করতে পাঁচ ধাপে যাচাই-বাছাই করা হচ্ছে।

 

তিনি জানান, নির্ধারিত মানের চেয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট বই বাতিল করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ বই কেটে নষ্ট করা হয়েছে। এরপরও কিছু প্রতিষ্ঠান নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছে বলে জানান তিনি।

 

শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর পরও যদি কোনো বইয়ের মান নিয়ে সমস্যা পাওয়া যায়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর