‘হাওর-পাহাড়-নদী বেষ্টিত আমাদের নেত্রকোনা, সহজ-সরল মিষ্টি স্বভাব আর অতিথিপরায়ণতা’—এই স্লোগানকে ধারণ করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ‘ফ্রেশার্স রিসেপশন ও সিনিয়রস হারমনি-২০২৬’।
নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জিকু। এতে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুজিত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা ও উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম এবং নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি দেবব্রত সরকার।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে। নেত্রকোনার ঐতিহ্য, সংস্কৃতি ও অতিথিপরায়ণতার চর্চা ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসআর