বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আনোয়ার হোসাইন স্মারক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব ইউ. আহমেদ।
সেমিনারে অধ্যাপক মাহতাব ইউ. আহমেদ বলেন, গণিত শিক্ষার মান আরও উন্নত করতে হলে বিদ্যমান সমস্যাগুলো আগে চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে একাডেমিক পর্যায়ে দক্ষ ও বিষয়ভিত্তিক গণিত শিক্ষকের ঘাটতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি গণিত শিক্ষা ও গবেষণায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গণিত শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে দেশের আটটি অঞ্চলে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, সমকালীন গণিতের বিভিন্ন গবেষণা নিয়ে সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক সমন্বয় বাড়ার পাশাপাশি গবেষণার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, বিজ্ঞান ও আধুনিক জ্ঞানচর্চার অন্যতম ভিত্তি গণিত। তবে স্কুল পর্যায়ে অনেক শিক্ষার্থীর মধ্যে গণিত নিয়ে ভীতি কাজ করে, যার কারণে তারা বিষয়টিতে পিছিয়ে পড়ে। গণিতকে কঠিন মনে হলেও সঠিকভাবে শেখার সুযোগ পেলে বিষয়টি সহজভাবে আয়ত্ত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে উপাচার্য বলেন, গণিত বোঝার ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা দুর্বল—সমাজে এমন একটি ধারণা প্রচলিত থাকলেও বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। কুবির গণিত বিভাগে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সেমিনারে তাদের উল্লেখযোগ্য উপস্থিতির বিষয়টি তুলে ধরে তিনি তাদের উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম বলেন, সেমিনারটি শুধু গণিত বিষয়ে জ্ঞান অর্জনের আয়োজন নয়, বরং গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অধ্যাপক আনোয়ার হোসাইনের স্মৃতিকে ধারণ করারও একটি উদ্যোগ। এ আয়োজন কুবির গণিত বিভাগকে আরও এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসআর