ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আধুনিক গবেষণা ও ইমেজিং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে ‘Training on Super Resolution Microscope’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) সাব-প্রজেক্টের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমতাজ হোসাইন এবং ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে Leica India and South-East Asia-এর প্রতিনিধি ড. মনোজ মান্না ‘Leica Super Resolution Microscope’ নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। এতে মাইক্রোস্কোপটির কাজের পদ্ধতি, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং জীববিজ্ঞানসহ বিভিন্ন গবেষণাক্ষেত্রে এর সম্ভাব্য ব্যবহার তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আধুনিক ইমেজিং সুবিধা বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। জীবনে আসা বাধা ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে HEAT সাব-প্রজেক্টের Sub-Project Manager (SPM) ও প্রশিক্ষণ কর্মসূচির সভাপতি ড. মো. জাহাঙ্গীর আলম আধুনিক মাইক্রোস্কোপি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। গবেষণার মান আরও উন্নত করতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে এ প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, HEAT Sub-Project, Window 3a (SP: 13659), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে সুপার রেজুলেশন মাইক্রোস্কোপের তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এসআর