[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

ইবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়ের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় বিভাগের সভাপতির কার্যালয়ে এ উপলক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিভাগের প্রভাষক রুকাইয়া আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন, ফাইন আর্টস বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল হোসেন, প্রভাষক জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

 

অনুষ্ঠানে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, অধ্যাপক ড. রশিদুজ্জামান যেখানেই দায়িত্ব পালন করেছেন, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সফলতা অর্জন করেছেন। সাংবাদিকতা বিভাগেও তার নেতৃত্বে অগ্রগতি হয়েছে। তিনি যে অবস্থানে বিভাগকে রেখে যাচ্ছেন, সেখান থেকেই তন্ময় সাহা জয় নতুন দায়িত্বের যাত্রা শুরু করবেন। তার নেতৃত্বে বিভাগ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নবনিযুক্ত সভাপতির জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

 

বিদায়ী সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত তন্ময় সাহার বিভাগের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। দায়িত্ব পালন শেষে কোনো ধরনের অপ্রাপ্তি বা আক্ষেপ ছাড়াই তিনি বিদায় নিচ্ছেন। শিক্ষক হিসেবে পদ-পদবি কিংবা ব্যক্তিগত সুবিধার পেছনে না ছুটে বিভাগের উন্নয়নে সর্বোচ্চ সময় ও শ্রম দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, সাংবাদিকতা বিভাগ থেকে এমন একদল সাহসী তরুণ তৈরি হবে, যারা সততা ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে কাজ করবে। এটিই বিভাগের অন্যতম লক্ষ্য। তন্ময় সাহা জয়ের নেতৃত্বে বিভাগের অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

দায়িত্ব গ্রহণের পর সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, বিদায়ী সভাপতির প্রচেষ্টায় বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। শিক্ষার্থী বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের নতুন নতুন চাহিদাও তৈরি হয়েছে। পর্যাপ্ত অর্থায়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

 

তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষ করে তুলতে বিভাগের ল্যাবগুলো আধুনিকায়ন ও দ্রুত ব্যবহার উপযোগী করা জরুরি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও ল্যাবসহ অন্যান্য অবকাঠামোগত সমস্যা সমাধানে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন নবনিযুক্ত সভাপতি।

এসআর

সম্পর্কিত খবর