কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান। একই সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে বিচারিক পদক্ষেপ দৃশ্যমান না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’, ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’ এবং ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “১২ ঘণ্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, “ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে। শহরে কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসের পাশে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হলে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।”
এসআর