ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এস (আইইউসানস)।
সংগঠনটির নবগঠিত কমিটির প্রথম কর্মসূচি হিসেবে ‘গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আম, কড়ই, জাম, কদমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০টি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
আইইউসানস সভাপতি আসাদুল্লাহ্ আর গালিবের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব বলেন, নবগঠিত কমিটির কার্যক্রম বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয়েছে। আইইউসানসের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
সভাপতি আসাদুল্লাহ্ আর গালিব বলেন, নতুন কমিটির প্রথম কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণকে বেছে নেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। পৃথিবীকে আরও সুন্দর ও বসবাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থী ও সমাজের কল্যাণে আইইউসানসের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী বলেন, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সামাজিক, উন্নয়নমূলক ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। নতুন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় তিনি সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ বলেন, আইইউসানসকে শুধু মাদরাসাকেন্দ্রিক সংগঠন হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতেও ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসআর