[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩

মায়ের ক্যান্সারের চিকিৎসায় দিশেহারা ইবি শিক্ষার্থী, সহযোগিতার আবেদন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূরশেদের মা সেতারা বেগম স্টোমাক ক্যান্সারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত।

মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। তাই চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন নূরশেদ।


নূরশেদের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামে। ডাকঘর মালুমঘাট। ছয় ভাই-বোনের মধ্যে নূরশেদ একজন। পরিবারের প্রধান উপার্জনকারী তার বড় ভাই, যিনি প্রবাসে থাকেন। অন্যদিকে বয়সের কারণে তার বাবা আব্দুল মালেক বর্তমানে কর্মক্ষম নন।


পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ১৯ তারিখ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সেতারা বেগমের শরীরে তৃতীয় পর্যায়ের স্টোমাক ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার প্রাথমিক ধাপে তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়ার পরিকল্পনা করেছেন চিকিৎসকরা। প্রতিটি কেমোথেরাপির ওষুধ, পরীক্ষা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৪৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। এরই মধ্যে একটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কেমোথেরাপিতে প্রত্যাশিত ফল না এলে পরবর্তী সময়ে লেজার থেরাপি প্রয়োজন হতে পারে। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে অস্ত্রোপচার করার সম্ভাবনা রয়েছে।

অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসায় প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা বা তারও বেশি খরচ হতে পারে। সব ধাপ মিলিয়ে চিকিৎসা শেষ করতে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন নূরশেদ।


নূরশেদ বলেন, তার মায়ের উন্নত চিকিৎসার জন্য অনেকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় আপাতত বাংলাদেশেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা।


তিনি বলেন, মায়ের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পরিবারের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় সমাজের মানুষের কাছে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। মানুষের সামান্য সহায়তাও তার মায়ের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নূরশেদ।
সহযোগিতা পাঠানোর মাধ্যম
বিকাশ/নগদ: ০১৮৭৮৩৮১০৩৪
ব্যাংক: সিটি ব্যাংক, পাঁচ রাস্তার মোড় শাখা, কুষ্টিয়া
হিসাব নম্বর: ১৫১১৭৮১৮৩০০০২৬৩৫
রাউটিং নম্বর: ২২৫৫০০৯৪৩

এসআর

সম্পর্কিত খবর