কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগটি।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ২১তম ব্যাচের সাদিয়া আফরিন।
তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত। তার মতে, এই ভর্তি শুধু একটি ডিগ্রি অর্জনের সূচনা নয়, বরং নতুন একটি সম্ভাবনাময় পথচলার শুরু। অর্জিত জ্ঞান ও শিক্ষাকে ভবিষ্যতে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে সহপাঠীদের সঙ্গে একসঙ্গে শেখা, জ্ঞান অর্জন এবং সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদ জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ইংরেজি বিভাগ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষাক্ষেত্র। সাহিত্য ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, জীবনে এগিয়ে যেতে সংগ্রাম, জ্ঞান ও একাগ্রতার প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থীদের শুধু দেশের দায়িত্বশীল নাগরিক হওয়ার প্রস্তুতি নিলেই হবে না; বৈশ্বিক পরিসরেও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
এসআর