চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেও কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থী।
তবে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানিয়েছেন, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাস শুরু হলে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে।
বোর্ড চেয়ারম্যান বলেন, যারা আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন পায়নি কিংবা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেনি, তাদের জন্য পরবর্তী ধাপে আবেদনের ব্যবস্থা থাকবে। প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরই এ সুযোগ দেওয়া হবে।
এদিকে এবারের ভর্তি প্রক্রিয়ায় ৪১৬টি কলেজ কোনো শিক্ষার্থী পায়নি। এসব প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থী না পাওয়া কলেজ ও মাদ্রাসাগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত তথ্য শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তুলে ধরে তাদের মতামত নেওয়া হবে। এরপর সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রথম ধাপের ফলাফলে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে মনোনয়ন পাননি।
বোর্ড সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় আবেদন গ্রহণ শেষ হয়। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন।
মনোনীত ও ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় একদিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এসআর