২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য অনলাইনে আবেদন করা প্রায় ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে কোনো না কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।
তবে আবেদন করেও আসন বরাদ্দ পাননি ১৪ হাজার ৪১৫ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ১১টি কলেজে এবার কোনো আবেদন জমা পড়েনি।। এ ছাড়া আবেদন থাকলেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থী বরাদ্দ পাননি। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ১৮০টি।
ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।
সারা দেশে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এবার কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম ও শিক্ষার্থীদের পছন্দের তালিকা অনুসারে প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হয়েছে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছেন।
আবেদনকারীদের পছন্দক্রম সংশোধনের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া কোনো কলেজ শিক্ষার্থী ভর্তি করতে বা ছাড়পত্র (টিসি) দিতে পারবে না।
অনুমোদনহীন শাখা কিংবা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৪৪ হাজারের বেশি।
এসআর