শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যামিলি ডে ২০২৬’।
সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মক্ষেত্রের আনুষ্ঠানিক পরিবেশের বাইরে সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম এ গোলাম দস্তগীর, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক (পিআর) সোহেল আহসান নিপু এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা।
আয়োজনের অংশ হিসেবে ফান অ্যান্ড ফ্রেন্ডলি শর্টপিচ ক্রিকেট, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুট, হাঁড়ি ভাঙা ও ক্যারাম প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। সহকর্মীদের করতালি ও উৎসাহে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি শুধু শিক্ষা কার্যক্রম পরিচালনার একটি প্রতিষ্ঠান নয়; এর সঙ্গে যুক্ত সবাই মিলে একটি বৃহৎ পরিবার। প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজনের মাধ্যমে সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বাড়ে। এর প্রভাব কর্মক্ষেত্রেও ইতিবাচকভাবে পড়ে। ‘ফ্যামিলি ডে’ সবাইকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দেবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দ ভাগ করে নেন। কোথাও ছিল প্রতিযোগিতার উত্তেজনা, আবার কোথাও সহকর্মীদের উৎসাহ ও করতালিতে মুখর ছিল পুরো পরিবেশ।
আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব মিলিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘ফ্যামিলি ডে ২০২৬’ হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের একটি স্মরণীয় আয়োজন।
এসআর