ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের বিকট শব্দে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
পরে আলামত ও পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেন।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
এদিকে, একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই ওই বিস্ফোরণ ঘটে।
সুপ্রিম কোর্টের সামনের ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
তারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
এসআর