[email protected] সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন ১ লাখ টাকা করে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষকদের অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতি দিতে এবারের বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন শিক্ষককে পুরস্কার ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

নির্বাচিত প্রত্যেক শিক্ষককে ১ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন পর্যায়ে অনেক শিক্ষক নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাদের অবদানের যথাযথ মূল্যায়ন এবং উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এবার বড় পরিসরে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।

এ জন্য যোগ্য ও সেরা শিক্ষকদের বাছাইয়ের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

মন্ত্রী বলেন, এর আগে ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো।

তবে শিক্ষকদের সম্মান ও মর্যাদা বাড়ানোর লক্ষ্যে এবার পুরস্কারের পরিধি বাড়ানো হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ, নিবেদিত ও গুণী শিক্ষকদের মধ্য থেকে ১০০ জনকে নির্বাচন করে প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হবে।

শিক্ষকদের আচরণবিধি নিয়ে এক প্রশ্নের জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের আচরণ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজের ওপর প্রভাব ফেলে।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি বজায় রাখতে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা থাকা অবশিষ্ট অনুদানের অর্থও ধাপে ধাপে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর