ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে ‘দ্য এইচআর লঞ্চপ্যাড ২০২৬ ফ্রেশার্স’ রিসেপশন অ্যান্ড ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৫১২ নম্বর কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাব (IUHRC) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের নবীন সদস্যদের কলম উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
ক্লাবের সভাপতি তুষার মালাকারের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা লুনা, সহকারী অধ্যাপক শহিদুল ইসলামসহ ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিভাগের শিক্ষার্থীরা।
বিশেষ বক্তা ছিলেন নেক্সটজেন ডক্টরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হোসেন সাগর।
কর্মশালায় হিউম্যান রিসোর্স ও পিপল ম্যানেজমেন্ট, নেতৃত্ব বিকাশ, চাকরির প্রস্তুতি, সিভি তৈরি, ইন্টারভিউ ও লিংকডইন ব্যবহার, স্কলারশিপ, ইন্টার্নশিপ, অর্গানাইজেশনাল বিহেভিয়ার এবং চার বছরের ক্যারিয়ার রোডম্যাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু পাঠ্যভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ভবিষ্যৎ কর্মজীবনের জন্য যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, নেটওয়ার্কিং, সমস্যা সমাধান এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনও জরুরি। কর্মশালায় এসব বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া বলেন, একজন শিক্ষার্থীর শুধু নিজের জন্য নয়, পরিবার, শিক্ষক, সহপাঠী, সমাজ, দেশ ও বিশ্বের প্রতিও দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব পালনের জন্য জ্ঞান ও শিক্ষা অর্জনের বিকল্প নেই। নিয়মিত শেখা ও পড়াশোনার অভ্যাস মানুষকে জ্ঞানী ও দায়িত্বশীল করে তোলে।
তিনি বলেন, ‘লঞ্চপ্যাড’ বলতে নতুন কোনো যাত্রা শুরুর ভিত্তি বা প্ল্যাটফর্মকে বোঝায়। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য শেখা ও নিজেদের নতুনভাবে প্রস্তুত করার একটি ভিত্তি তৈরি করবে। তরুণদের উদ্যম, সাহস ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজকের সিদ্ধান্ত ও প্রস্তুতিই আগামী দিনের পথ নির্ধারণ করবে।
ক্লাবের সভাপতি তুষার মালাকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, বরং শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত হওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, নেটওয়ার্কিং ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন ব্যবহারিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই ক্লাবের অন্যতম লক্ষ্য।
এসআর