খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন।
অন্যদিকে, ‘ডি’ ইউনিটের অধীনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলোতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে।
১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা। এর মধ্যে ‘এ’ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন এবং ‘বি’ ইউনিটে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদনসংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসআর