বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্বের নাম জানানো হয়।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
পরে সেই কমিটি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সভাপতি ইমা আক্তার বলেন, তরুণদের প্রতিভা ও লেখনীকে বিকশিত করার ক্ষেত্রে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করছে।
নতুন দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি অনুপ্রেরণারও। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আরও সক্রিয় ও সৃজনশীল করে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক আব্দুল কাদের জীবন বলেন, লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তরুণ কলাম লেখক ফোরামের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তরুণদের রাজনীতি, অর্থনীতি ও জলবায়ু বিষয়ে সচেতন করার পাশাপাশি লেখালেখির মাধ্যমে তাদের চিন্তাশক্তি বিকাশে সংগঠনটি কাজ করছে।
তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের লেখালেখির অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন কর্মশালা, সেমিনার ও আলোচনা আয়োজন করে আসছে।
এর মাধ্যমে তরুণদের লেখনী ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসারে সংগঠনটি ভূমিকা রাখছে।
এসআর