শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি পদে আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, অর্থ সম্পাদক মনেট কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মো. পারভেজ এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে মো. ফজলুল হক দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক হয়েছেন যোবায়ের আলম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম সাগরিক এবং উন্নয়ন সম্পাদক মো. কাওসার আলী।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাফর মোল্যা, নাজনীন, মো. রবিউল আওয়াল ও তাইজুল ইসলাম।
শিক্ষা প্রশাসনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) একটি গুরুত্বপূর্ণ তদারকি প্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই অধিদপ্তর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা-সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পরিদর্শন এবং আর্থিক ও প্রশাসনিক বিষয় নিরীক্ষা করে থাকে।
সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থের ব্যবহার, শিক্ষক-কর্মচারীদের পদ ও দায়িত্ব, প্রশাসনিক কার্যক্রম, আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয়ে ডিআইএর পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এসব কার্যক্রমের মাধ্যমে কোনো আর্থিক অসংগতি, অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রচলিত বিধিবিধান অনুসরণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ডিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসআর