[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

মাউশিতে আসছে নতুন ডিজি

সাইদুর রহমান

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৬ ২:৫৪ এএম

সংগৃহীত ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিগগিরই নতুন মহাপরিচালক (ডিজি) পেতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বর্তমান ডিজি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্থানে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বদলি ও পদায়ন নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে মূলত মাউশির শীর্ষ পদে পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি হতে পারে।

সূত্রগুলো আরও জানায়, বর্তমান ডিজির স্থলে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. নাজমুল হককে অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব দেওয়া হতে পারে।

তিনি বর্তমানে মাউশির কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে শিক্ষা সচিব আবদুল খালেক আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি।

তিনি বলেন, সরকারি আদেশ জারি হলে বিষয়টি সবার জন্য উন্মুক্ত হবে।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে বর্তমান ডিজি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অধ্যাপক সোহেল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা এবং সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

অতীতে তিনি তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তার দাবি, ওই দায়িত্বে থাকার কারণে আওয়ামী লীগ সরকারের সময় তিনি কাঙ্ক্ষিত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন থেকে বঞ্চিত হন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তাকে মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক করা হয়।

পরে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই পদ থেকে সরে এসে মাউশির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। শুরুতে অতিরিক্ত দায়িত্বে এবং পরে চলতি দায়িত্বে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রসঙ্গত, ডিজি সোহেল দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে একাধিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। 

তবে সম্ভাব্য এই রদবদল সম্পর্কে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি।

এসআর

সম্পর্কিত খবর