[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

নিটারে এনবিআইসির উদ্যোগে ১৬তম ব্যাচের ব্যতিক্রমী ওরিয়েন্টেশন

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ১২:২০ পিএম

সংগৃহীত ছবি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) আয়োজনে ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, ব্যক্তিগত ব্র্যান্ডিং ও লিংকডইন নেটওয়ার্কিং নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং সংগঠনটির উপব্যবস্থাপক (ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জারিফ আহমেদ প্রথম, আসফাক অর্ণব দ্বিতীয় এবং ইমতিয়াজ উদ্দিন খান তৃতীয় স্থান অর্জন করেন।

পরে লিংকডইন নেটওয়ার্কিং বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন মো. আলতাফ হোসেন রাজু। নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয়জীবনের বিভিন্ন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে পাওয়া সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে, কারণ এই সময় ও সুযোগ পরবর্তী সময়ে একইভাবে ফিরে আসে না।

সেশনে তিনি আরও জানান, নিটারে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল তাঁর পরিচালিত ২৩৩তম সেশন। বর্তমানে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের অনুসারীর সংখ্যা প্রায় ৫২ হাজার।

এরপর হুমায়ূন রশিদ ব্যক্তিগত পরিচিতি, পেশাগত নেটওয়ার্ক তৈরি এবং ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন শিক্ষার্থী কীভাবে প্রথম বর্ষ থেকেই নিজেকে প্রস্তুত করতে পারেন, সে বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনবিআইসির কো-মডারেটর রেজাউল ইসলাম লিংকডইন ব্যবহারের ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সম্মাননা সনদ ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে ফটোসেশনের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসআর

সম্পর্কিত খবর