কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জুলহাস উদ্দীন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন বলেন, এই প্রতিযোগিতা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরিরও সুযোগ। খেলার সময় সবাইকে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখতে হবে। কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা যাবে না।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতায় যে বিভাগই জয়ী হোক, সেটি বিশ্ববিদ্যালয়েরই অর্জন। তাই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোনো ধরনের বিরূপ আচরণ না করে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. মো. মহিউদ্দিন বলেন, খেলাধুলায় জয়-পরাজয় দুটিই স্বাভাবিক। শিক্ষার্থীদের খেলাকে আনন্দ ও বিনোদনের অংশ হিসেবে নেওয়ার পাশাপাশি জয়-পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে হবে। খেলা চলাকালে কোনো সমস্যা হলে দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ রেফারিদের বিষয়টি জানানোর পরামর্শ দেন তিনি।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের লড়াই সমতায় শেষ হলে ম্যাচের ফল নির্ধারণ করা হয় টাইব্রেকারে। সেখানে ফার্মেসি বিভাগকে ৪-৩ ব্যবধানে হারিয়ে জয় পায় অর্থনীতি বিভাগ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের।
এসআর