[email protected] সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

ববিতে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দাবি

ববি প্রতিনিধি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ক্যাম্পাসের শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিভাগকেন্দ্রিক সংঘাত বন্ধ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ববি শাখা।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন অর রশীদের কার্যালয়ে গিয়ে এ দাবিতে একটি স্মারকলিপি দেন।


স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে। এসব ঘটনা ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধে রূপ নেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।


সংগঠনটির দাবি, এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও অস্বস্তি তৈরি হয়েছে। পারস্পরিক সহনশীলতার ঘাটতি ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে যেকোনো ছোট ঘটনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।


এ অবস্থায় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—


১. সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা:
ক্যাম্পাসে সংঘাত ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষগুলোর নিরপেক্ষ তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার কথা বলা হয়েছে। দল, মত বা বিভাগ বিবেচনা না করে দোষীদের একাডেমিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও রয়েছে।


২. নিরাপত্তা ব্যবস্থা জোরদার:
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাম্পাস ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির নজরদারি এবং নিয়মিত টহল বাড়ানোর দাবি জানানো হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।


৩. কাউন্সেলিং ও সচেতনতামূলক উদ্যোগ:
বিভাগগুলোর মধ্যে বিরোধ ও রেষারেষি কমাতে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা আয়োজনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়াতে প্রয়োজনীয় কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে ছাত্র অধিকার পরিষদ আশা প্রকাশ করে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে উপাচার্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

এসআর

সম্পর্কিত খবর